চলমান সংবাদ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে আন্দোলনের আহ্বান

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধিসভায় বক্তব্য রাখছেন সিপিবি কেন্দ্রীয় সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধের বিরুদ্ধে গণআন্দোলন জোরদারের আহ্বান জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।

গত ৫ মে সকালে সিপিবি মিলনায়তনে অনুষ্ঠিত জোটের প্রতিনিধিসভায় এ আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি কমরেড অশোক সাহা এবং পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়। এতে বিভিন্ন বাম রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় সিপিবি কেন্দ্রীয় সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত এআরটি চুক্তি বাংলাদেশের জন্য অসম, অন্যায্য ও অধীনতামূলক। এই চুক্তি বাস্তবায়িত হলে দেশের কৃষি, শিল্প, অর্থনীতি ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। তিনি অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে মার্কিন পণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হচ্ছে এবং এতে দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি স্বাধীন বাণিজ্যনীতিও বাধাগ্রস্ত হবে।

তারা আরও অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। অবিলম্বে এ উদ্যোগ বন্ধ এবং লালদিয়া ও পানগাঁও টার্মিনাল সংক্রান্ত বিদেশি ইজারা চুক্তি বাতিলের দাবি জানান তারা।

সভা থেকে আগামী ১১ মে নগরীর পুরাতন স্টেশনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।