চলমান সংবাদ

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে যোগ দিলেন নতুন সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। রোববার রাত নয়টার দিকে জাতীয় সংসদের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁদের শপথ পড়ান।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ নেওয়া সদস্যদের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন রয়েছেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী সংসদ সচিবের দপ্তরে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোট ১৩টি আসন পেলেও এখন পর্যন্ত ১২ জন সদস্য শপথ নিয়েছেন। তাদের একজন প্রার্থী এখনো নির্বাচিত হননি। প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হওয়ায় বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। অন্যদিকে আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন প্রথমে বাতিল হলেও পরে আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয়, তবে তাঁকে এখনো নির্বাচিত ঘোষণা করা হয়নি।