নেপালে তরুণদের বিক্ষোভে নিহতের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
নেপালে তরুণদের ডাকা বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগে কয়েকজন নিহত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার রাতে তিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন।
তবে প্রধানমন্ত্রী এখনও তার পদত্যাগপত্র গ্রহণ করেননি বলে বৈঠকে উপস্থিত দুই মন্ত্রী বিবিসিকে জানিয়েছেন।
সম্প্রতি দুর্নীতি এবং ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নতুন প্রজন্মের তরুণরা বিক্ষোভে নামেন। এ সময় পুলিশের কঠোর পদক্ষেপে স্কুলের পোশাক পরা শিক্ষার্থীসহ কয়েকজন নিহত ও আহত হন।
এর আগে, গত ১৫ মার্চ রাজতন্ত্রপন্থী একটি গোষ্ঠীর বিক্ষোভেও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ ওঠে রমেশ লেখকের বিরুদ্ধে। এছাড়া বিরোধী দলগুলো তার পদত্যাগ দাবি করে অভিযোগ তোলে যে, তিনি ভিজিট ভিসা মামলার অভিযুক্তদের রক্ষা করেছেন।

