চলমান সংবাদ

শেখ হাসিনা মরে যান নি, আমরাও কোথাও যাইনি: ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্যপ্রযু্ক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি’।

বুধবার রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিবেশ চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে। লুটপাট হচ্ছে। শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন, গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না।

এর আগে তিনি ফেসবুক পেজে জানিয়েছিলেন তাদের পরিবারের কেউ আর রাজনীতি করবে না।

বুধবার তিনি বলেন, “বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।’

ভিডিও বার্তায় তিনি দাবি করেন, বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। লুটপাট হচ্ছে।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি বলেন, “আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আমরা আছি”।

মি. ওয়াজেদ বলেন, গণতন্ত্র নতুন ও বাংলাদেশে গড়ে তুলতে হলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল।