পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে বাংলাদেশে বন্ধ একাধিক ওয়েবসাইট
বিশ্বজুড়ে পিএইচপি প্রোগ্রামিং ভাষার গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশেও একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক, কয়েকটি বাণিজ্যিক ব্যাংক এবং ভূমি নামজারি সেবার ওয়েবসাইট।
বিজিডি ই-গভ সার্টের জরুরি সতর্কবার্তার পর প্রতিষ্ঠানগুলো নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই ও হালনাগাদের কাজ করছে। সার্ট সূত্রে জানা গেছে, দেশের অন্তত একটি বেসরকারি হাসপাতালের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
পিএইচপির এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়া বা তথ্যভান্ডারে হামলা চালাতে পারে। ফলে ভূমি রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার এবং দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রেখেছে। পিএইচপি হালনাগাদ ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পর এসব সেবা পুনরায় চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।