রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: পদত্যাগ করলেন বিএনপির সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে জাতীয় সংসদ সচিবালয় তাঁর আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ৩ মে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। অর্থাৎ প্রায় পাঁচ মাসের মধ্যেই তাঁর সংসদ সদস্য পদ ছাড়তে হলো।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর বিএনপির শীর্ষ পর্যায় থেকে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে দলীয় ও সরকারি সূত্র জানিয়েছে।

তবে স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর ফেরদৌসী সাংবাদিকদের বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তাঁর সঙ্গে দেখা করেছি।’ পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত হোক।’

রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে ফেরদৌসী আহমেদ নিজে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।