খাদ্য ব্যবস্থায় ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে এগ্রোইকোলজির ওপর জোর
চট্টগ্রাম, ২৭ আগস্ট ২০২৬:
সমাজ উন্নয়নমূলক সংস্থা সংশপ্তক ও বারসিকের যৌথ আয়োজনে “খাদ্য ব্যবস্থা, আঞ্চলিক বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ: ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যতের সন্ধানে” শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ হোটেল এশিয়ান এসআর মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ধারণাপত্রের ওপর আলোচনা করেন বারসিকের পরিচালক পাভেল পার্থ। স্বাগত বক্তব্য দেন সংশপ্তকের পরিচালক অগ্রদূত দাশগুপ্ত।
সংলাপে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ এবং সংশপ্তকের সহকারী পরিচালক জয়নাব বেগম চৌধুরী।
আলোচনায় অংশ নেন কৃষিবিদ মো. মুজিব উল্লাহ্ তুষার, চিফ রিপোর্টার, দৈনিক আমাদের চট্টগ্রাম; জোবায়ের ফারুক লিটন, নির্বাহী প্রধান, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা; ইকবাল ইবনে মালেক, স্টাফ রিপোর্টার, সিটিভি নিউজ; শিক্ষার্থী রেহেনা সুলতানা; সায়েরা বেগম, প্রধান নির্বাহী, সবুজের যাত্রা; ঘাসফুলের মামুনুর রশিদ; সাংস্কৃতিক কর্মী জোবায়দুর রশিদ এবং শিক্ষার্থী বিদিতা মিত্র।
এ ছাড়া সংলাপে বিভিন্ন উন্নয়নকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব, সাংবাদিক, কৃষি ও পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান খাদ্য ব্যবস্থা নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষিজমি ও জীববৈচিত্র্যের ক্ষয়, কৃষকদের নানা সংকট এবং খাদ্য উৎপাদন ও বিতরণ ব্যবস্থার বিদ্যমান বৈষম্য মোকাবিলায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বক্তারা স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, কৃষকবান্ধব নীতি প্রণয়ন এবং এগ্রোইকোলজিভিত্তিক কৃষি ব্যবস্থার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিরাপদ ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে কৃষক, সরকার, উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ, যুব ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সংলাপ থেকে ন্যায়সঙ্গত, অংশগ্রহণমূলক ও পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি লিটন চৌধুরী উপস্থিত অতিথি, আলোচক, অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং নাগরিক সংলাপের সমাপ্তি ঘোষণা করেন।