আগস্ট ২৭, ২০২৬

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে অন্তত ১৫৭ জন নিহত এবং আরও ৪০৩ জন নিখোঁজ হয়েছেন। বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান, গোর্খাসহ কয়েকটি জেলায় এ দুর্যোগ ঘটে।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে ভারতের ১৩৩, যুক্তরাষ্ট্রের ৪৭ এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। অধিকাংশই মানস সরোবরের উদ্দেশে যাত্রা করছিলেন বলে জানা গেছে।

বন্যা ও ভূমিধসে নদীতীরবর্তী বহু ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়েছে। দেশটির প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে সেনাবাহিনীর হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলাকর্মীরা অংশ নিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, তিব্বত অঞ্চলে একটি ভূমিকম্পের কয়েক মিনিট পরই আকস্মিক বন্যা শুরু হয়। তবে ভূমিকম্পের সঙ্গে বন্যার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বর্ষা ও জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ছে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

এদিকে নেপাল সীমান্তবর্তী তিব্বতের গিরংয়েও বন্যা ও ভূমিধসে অন্তত তিনজন নিহত এবং ২৬৫ জন নিখোঁজ হয়েছেন বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এ ঘটনাকে ভয়াবহ দুর্যোগ উল্লেখ করে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন।