রংপুরে একই পরিবারের চারজন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সিপিবির বিক্ষোভ সমাবেশ
চট্টগ্রাম, ২৬ আগস্ট ২০২৬: রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে খুন, হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের সিনেমা প্যালেস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, সিপিবি দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই লাল দাস, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সিপিবি দক্ষিণ জেলার সহসাধারণ সম্পাদক সেহাব উদ্দীন সাইফু এবং যুব নেতা মেহেদী মিন্টু প্রমুখ।
সমাবেশে বক্তারা রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা মানুষের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, সারাদেশে হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, মব তৎপরতা, চাঁদাবাজি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো অপরাধ ও দুর্বৃত্তায়ন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হলে এর রাজনৈতিক ও সামাজিক পরিণতি সরকারকেই ভোগ করতে হবে।
তারা আরও বলেন, রংপুরের হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ওপর হামলা নয়; এটি মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার ওপরও গুরুতর আঘাত। এমন নৃশংস ঘটনায় কোনো ধরনের গাফিলতি কিংবা প্রভাবশালী মহলের চাপ বরদাশত করা যাবে না। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর শুধু মামলা ও গ্রেপ্তারই যথেষ্ট নয়। দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি।
সমাবেশ থেকে বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধীদের দৌরাত্ম্য আরও বাড়বে। তাই অপরাধ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশ শেষে রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডসহ সারাদেশে সংঘটিত খুন, হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।