চলমান সংবাদ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের জান্তা সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনার পর মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে রাজি হয়েছে দেশটির সামরিক সরকার।

আনোয়ার ইব্রাহিম বলেন, “মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। কারণ আমরা আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে এগিয়েছি।”

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সতর্ক ও বিচক্ষণ কূটনীতি প্রয়োজন। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গাদের বিষয়ে বিভিন্ন মহল থেকে ফেরত পাঠানোর দাবি উঠলেও আগে মিয়ানমার তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানানোয় বিষয়টি বাস্তবায়ন কঠিন ছিল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “মানুষ বলে, তাদের ফেরত পাঠান। কিন্তু আমরা তাদের কোথায় পাঠাব? আগে মিয়ানমার তাদের গ্রহণ করতে চাইত না। তাই আমাদের তাদের নির্ধারিত কিছু স্থানে রাখতে হয়েছে।”

এদিকে মালয়েশিয়ায় রোহিঙ্গাদের কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “এটি মালয়েশিয়া। তারা আমাদের সমস্যায় ফেলতে বা বিরক্ত করতে পারে না। করলে পুলিশ ব্যবস্থা নেবে।”

মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি স্থানীয় আইন মেনে চলার এবং সাধারণ মানুষের জন্য কোনো অসুবিধা সৃষ্টি না করার আহ্বানও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে বিপুলসংখ্যক রোহিঙ্গা অবস্থান করছে। তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলের অন্যতম আলোচিত বিষয়।