বেসরকারি স্বাস্থ্য খাতের কর্মীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি, ১০ আগস্ট স্মারকলিপি প্রদান কর্মসূচি

বেসরকারি স্বাস্থ্য খাতের কর্মীদের ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা এবং শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, আউটসোর্সিং পদ্ধতি বন্ধ এবং অভিজ্ঞ নার্স ও টেকনিশিয়ানদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে আগামী ১০ আগস্ট চট্টগ্রামে লাল পতাকার মিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।
অদ্য বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িস্থ সমাদর ক্লাবে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)-এর সহ-সভাপতি, শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য, শ্রম আদালতের সদস্য, চট্টগ্রাম জেলা টিইউসি’র সভাপতি তপন দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা ও চট্টগ্রাম জেলা টিইউসি’র যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শূলাল শীল, কার্যকরী সভাপতি বিপ্লব দাস, সাংগঠনিক সম্পাদক রাজীব দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, নারী নেত্রী সুবর্ণা বড়ুয়া, সংগঠনের অন্যতম নেতা সুজিত কুমার নাথ, জমির উদ্দিন, নাসির উদ্দিন, নুরুল আফসার, আক্তার হোসেন, লোকমান হোসেন, আলম শেখ, জামশেদ, রিকেল দে, মুন্না, নেজাম, রাতুল, মোহাম্মদ সেলিম, আব্দুল হকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কর্মী দীর্ঘদিন ধরে অপ্রতুল মজুরি, অনিশ্চিত চাকরি, অতিরিক্ত কর্মঘণ্টাসহ বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়নি। তারা বলেন, দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের যথাযথ মূল্যায়ন এবং শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন না হলে এই খাতে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
সভা থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
- বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মীদের জন্য অবিলম্বে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
- শ্রমিক-কর্মচারীদের জন্য ন্যায্যমূল্যের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
- অভিজ্ঞ নার্স ও টেকনিশিয়ানদের দক্ষতার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে।
- আউটসোর্সিং পদ্ধতি বন্ধ করে সকল শ্রমিককে সরাসরি নিয়োগ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১০ আগস্ট ২০২৬, সকাল ১০টায় চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে লাল পতাকার মিছিল বের করা হবে। মিছিল শেষে মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সভা থেকে জানানো হয়।
