চলমান সংবাদ

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর আজ রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিগগিরই চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ব্যাংককে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

শনিবার সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি বাইপাস সার্জারির পর তিনি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামে জটিল রোগে আক্রান্ত হন, যার কারণে মাঝে-মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাঁকেও সঙ্গে নিয়ে বিদেশ যাবেন বলে জানিয়েছেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন ধরেই তাঁর ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে স্থানান্তর করা হচ্ছিল। বাড়িটির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।