বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বন্দর থানার সংগঠক আফতাব মজুমদার ওরফে জয়কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা-পুলিশ। বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আফতাব নগরীর খুলশী থানার ওয়ারলেস মুরগীর ফার্ম এলাকার বাসিন্দা মো. আবছারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নগরীর আগ্রাবাদ এলাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আফতাবের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুলাই রাতে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে বহদ্দারহাট মোড়ের একটি আবাসিক হোটেলে নিয়ে যান আফতাব। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তরুণী বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন।
পরবর্তীতে খোঁজ নিয়ে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। এরপর স্বজনদের সঙ্গে আলোচনা করে তিনি চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস অর্জনের মাধ্যমে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয় এবং পরে অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
