কক্সবাজারে বন্যাদুর্গত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে আইএসডিই বাংলাদেশ, দ্বিতীয় ধাপে পেল আরও ১ হাজার পরিবার
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার ৫ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ করছে আইএসডিই বাংলাদেশ। এরই অংশ হিসেবে দ্বিতীয় ধাপে রোববার (১৯ জুলাই) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের আরও ১ হাজার বন্যাদুর্গত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর অর্থায়নে পরিচালিত এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে আইএসডিই বাংলাদেশ। এ ধাপে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে ৫০০ এবং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে আরও ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে একই কর্মসূচির প্রথম ধাপে চকরিয়া পৌরসভার ১ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছিল। সংস্থাটি জানিয়েছে, পর্যায়ক্রমে বাকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ১ কেজি লবণ সমন্বয়ে একটি খাদ্য প্যাকেজ দেওয়া হয়। আয়োজকদের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলায় এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো. আতাউল গণি পারভেজ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক কুতুব উদ্দীন এবং ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফা।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব নুরুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শেকাফুদ্দীন উদ্দীন, ইউপি সদস্য মোজাম্মেল হক, নুরুল ইসলাম, আক্তার আহমেদ ও আবুল কালাম, সাবেক ইউপি সদস্য আবু ইউসুফ মোহাম্মদ ইয়াহয়া এবং সমাজসেবক আরিফুল ইসলাম।
আইএসডিই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রকল্প কর্মকর্তা (মিল) মোস্তাক আহমেদ এবং প্রকল্প কর্মকর্তা (লজিস্টিকস) তাজ উদ্দীন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সাম্প্রতিক বন্যায় বহু পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও জীবিকার উৎস হারিয়ে মানবিক সংকটে পড়েছে। এ ধরনের খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখছে।
আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। প্রথম ধাপে চকরিয়া পৌরসভার ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ দ্বিতীয় ধাপে ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের আরও ১ হাজার পরিবার এ সহায়তা পেয়েছে। পর্যায়ক্রমে ৫ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের সবার কাছেই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।”
খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা জানান, বন্যায় ঘরবাড়ি ও জীবিকার উৎস ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছিলেন। এই খাদ্য সহায়তা তাদের কয়েক দিনের খাদ্যসংকট লাঘবে সহায়ক হবে।
আইএসডিই বাংলাদেশ জানায়, এর আগে হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ প্রায় ৫৬ হাজার সুবিধাভোগীর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও মানবিক সংকটে থাকা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

