চলমান সংবাদ

মেট্রোরেল স্টেশনের নিচে হকারদের দৌরাত্ম্য, ফুটপাত দখলে চরম ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীর মিরপুর-১০সহ বিভিন্ন মেট্রোরেল স্টেশনের নিচের ফুটপাত হকার ও ভ্রাম্যমাণ দোকানের দখলে থাকায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন পথচারী ও যাত্রীরা। সরু হয়ে যাওয়া ফুটপাত দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ধাক্কাধাক্কি ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

অভিযোগ রয়েছে, ফুটপাতে দোকান বসাতে অগ্রিম ২০ থেকে ৪০ হাজার টাকা এবং প্রতিদিন ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। হকারদের দাবি, উচ্ছেদ অভিযানের আগেই তাঁদের খবর দেওয়া হয়, ফলে অভিযান শেষে আবারও আগের জায়গায় দোকান বসিয়ে ব্যবসা শুরু করেন।

ডিএমটিসিএল জানিয়েছে, স্টেশনসংলগ্ন ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ, কার্যকর নজরদারির অভাবে এসব অভিযান স্থায়ী সমাধান আনতে পারছে না। ফলে মিরপুর-১০, শাহবাগ, কারওয়ান বাজার ও মতিঝিলসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর ফুটপাত এখনো হকারদের দখলেই রয়েছে, যার খেসারত দিচ্ছেন প্রতিদিন লাখো মেট্রোরেল যাত্রী ও পথচারী।