মতামত

পল্লিবাউল জবান আলী আর নেই

পল্লিবাউল জবান আলী (ফাইল ছবি)

জনপ্রিয় গান ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে…’-এর গীতিকার পল্লিবাউল জবান আলী আর নেই। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাতটায় সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও কণ্ঠনালির সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

জবান আলী ছিলেন একাধারে গীতিকার, বাউলশিল্পী ও সুরসাধক। জীবনের পুরোটা সময় তিনি গান নিয়েই কাটিয়েছেন। তাঁর লেখা সাত শতাধিক গানের মধ্যে ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ এবং ‘আমার মাথাটা ঘুরায়’ গান দুটি কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গাওয়ার পর দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০০৯ সালে তাঁর গানের বই ‘দর্পণে দর্শন’ প্রকাশিত হয়। এতে স্থান পেয়েছিল ৭০টি গান। প্রেম, বিরহ, মানবজীবন ও আধ্যাত্মিক ভাবনা ছিল তাঁর গানের মূল উপজীব্য।

নিজের গান নিয়ে আরেকটি বই প্রকাশের স্বপ্ন থাকলেও সেটি পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন এই গুণী গীতিকার।