চলমান সংবাদ

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের যুবক মো. মহসিন (৩০) মারা গেছেন। বুধবার (৬ মে) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে মাস্কাটের খৌলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ মে মাস্কাটের আল খয়ের এলাকায় কর্মস্থল থেকে ফেরার পথে মহসিনের ব্যাটারিচালিত মোটরসাইকেল বিকল হয়ে যায়। তিনি সড়কের পাশে দাঁড়িয়ে সেটি পরীক্ষা করছিলেন। এসময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির প্রাডো গাড়ি তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মহসিন নুরুল আলমের ছোট ছেলে। ২০১৭-১৮ সালের দিকে তিনি ওমানে যান। কয়েক মাস আগে দেশে এসে বিয়ে করে আবার কর্মস্থলে ফিরে যান। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।