চলমান সংবাদ

মঙ্গল আছে, মঙ্গল থাকবে স্লোগানে ধানমন্ডিতে বর্ষবরণ শোভাযাত্রা


‘মঙ্গল আছে, মঙ্গল থাকবে’ স্লোগানে রাজধানীর ধানমন্ডিতে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে বর্ষবরণ শোভাযাত্রা করেছে ‘বর্ষবরণ পর্ষদ’ নামে একটি সংগঠন।

আজ মঙ্গলবার ধানমন্ডি ২৭–এর মীনা বাজারের সামনে থেকে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের এই আয়োজন শুরু হয়। শোভাযাত্রা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর ‘ধনধান্য পুষ্পভরা’ ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণের আনুষ্ঠানিক সূচনা হয়।

মীনা বাজারের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ধানমন্ডি ২৭–এর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা নানা রঙের মুখোশ, ব্যানার ও উৎসবের সাজে অংশ নেন।

আয়োজকদের একজন কঙ্কণ নাগ বলেন, বহু বছর ধরে ঢাকায় ‘মঙ্গল শোভাযাত্রা’ আয়োজন করা হচ্ছে এবং তারা এই নামটি বহাল রাখতে চান। তাঁর মতে, এই শোভাযাত্রা শুধু চারুকলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সারা দেশে একই নামে দীর্ঘদিন ধরে উদযাপিত হয়ে আসছে। তাই এর নাম পরিবর্তনের কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, বছরের প্রথম দিনে মানুষ যেন মঙ্গলের বার্তা নিয়ে নতুন বছর শুরু করতে পারে, সে উদ্দেশ্যেই ‘মঙ্গল শোভাযাত্রা’ নামকরণ করা হয়েছে।

এ বিষয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ১৯৮৯ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় এই শোভাযাত্রা নতুন মাত্রা পায়। তবে তারও আগে যশোরে উদীচী শিল্পীগোষ্ঠী এই নামে বর্ষবরণ শোভাযাত্রার আয়োজন শুরু করেছিল। পরবর্তীতে এটি একটি জাতীয় ঐতিহ্যে পরিণত হয়।

শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা গান পরিবেশন করেন। পাশাপাশি তক্ষশীলা সংগঠনের শিল্পীরা ব্রতচারী নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন মকবুল আহমেদ এবং কবিতা আবৃত্তি করেন ইকবাল খোরশেদ ও মোস্তাফিজুর রহমান।