ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত: ট্রাম্পের ঘোষণায় শর্ত জুড়ে হরমুজ প্রণালি উন্মুক্তের দাবি

শেষ মুহূর্তের নাটকীয়তায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলনাল্ড ট্রাম্প ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের বোমাবর্ষণ ও সামরিক হামলা অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে দেওয়া এই ঘোষণায় ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, এই স্থগিতাদেশ শর্তসাপেক্ষ। তার মতে, ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য “সম্পূর্ণ ও নিরাপদভাবে” উন্মুক্ত করতে হবে।
এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তানের মধ্যস্থতা। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া প্রায় ১১ ঘণ্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এই পদক্ষেপ নেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর অনুরোধে এই স্থগিতাদেশে সম্মত হয়েছেন তিনি।
ট্রাম্প আরও উল্লেখ করেন, দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফা প্রস্তাবকে তিনি আলোচনার একটি কার্যকর ভিত্তি হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, এই সাময়িক স্থগিতাদেশ মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় সংঘাত এড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে শর্ত পূরণ না হলে পরিস্থিতি আবারও দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে পারে।
