চলমান সংবাদ

নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলে ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি, টানা তিন দিন বন্ধ কারখানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন শিল্পকারখানার শ্রমিকদের ছুটি থাকবে।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বিশেষ বিবেচনায় বাংলাদেশ শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুসরণ করে মালিক ও শ্রমিকপক্ষ দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সুবিধাজনক সময়ে এ ছুটি সমন্বয় করতে পারবে।

এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে।