অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা, সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও সরকার সংশ্লিষ্ট সকল ব্যক্তির দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তাদের কর্মকাণ্ড, দুর্নীতি ও অবৈধ সম্পদের শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশের দাবি জানানো হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি, মব সন্ত্রাসে মদদ দেওয়া, বিনা বিচারে হত্যাসহ বিভিন্ন অন্যায় ও অনিয়মের সঙ্গে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নাম জড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেন তারা।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ওপর আরোপিত ৬০০ কোটিরও বেশি টাকার জরিমানা ক্ষমতার বলে মওকুফ করেছেন—এমন অভিযোগ রয়েছে। এছাড়াও সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ও ধর্মীয় উগ্রবাদে মদদ দেওয়া, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে বলে দাবি করেন তারা।
বিবৃতিতে তথাকথিত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়। দায়িত্ব থেকে প্রায় দুই মাস আগে অব্যাহতি নিলেও তারা এখনও সরকারি বাসভবন ত্যাগ করেননি বলেও অভিযোগ করা হয়। পাশাপাশি তাদের ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলা হয়।
ছাত্র ইউনিয়নের নেতারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধেও অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই এসব অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ অবস্থায় তারা উচ্চ আদালতের কাছে আবেদন জানানোর ঘোষণা দিয়ে বলেন, অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারী ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।
বিবৃতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞার উদাহরণ তুলে ধরে একই ধরনের নির্দেশনা সরকার সংশ্লিষ্ট সকলের ওপর জারি করার আহ্বান জানানো হয়।
এছাড়া সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কর্মকাণ্ড, দুর্নীতি ও অবৈধ সম্পদের পূর্ণাঙ্গ শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বলে, জনগণের সঙ্গে প্রতারণা করে ও দেশের সম্পদ লুট করে কেউ যেন নিরাপদে দেশত্যাগ করতে না পারে, সে জন্য আপামর জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

