চলমান সংবাদ

গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

-প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সহযোগিতার আশ্বাস


বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রাক্কালে সেনাবাহিনীর দায়িত্ব ও বেসামরিক প্রশাসনকে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখরভাবে আয়োজন করা হবে। এ জন্য সেনাবাহিনীর দায়িত্ব আরও সুসংগঠিত করতে হবে। তিনি স্পষ্ট কমান্ড কাঠামো ও বাহিনীগুলোর ঘনিষ্ঠ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি নির্বাচন আয়োজন করতে চাই, যা ভোটার উপস্থিতি, নারী ও নতুন ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তা, গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি আস্থা সৃষ্টির দিক থেকে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

এ সময় সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে জেনারেল ওয়াকার–উজ–জামান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক চীন সফরকালে অনুষ্ঠিত বৈঠকের অভিজ্ঞতা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে শেয়ার করেন সেনাপ্রধান। পাশাপাশি দেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি ও তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।