চট্টগ্রাম পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক শিপন চৌধুরীর সাথে বিলস কর্মকর্তা এবং শ্রমিকনেতাদের লবি মিটিং অনুষ্ঠিত

আজ বিকাল ৩টায় চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক জনাব শিপন চৌধুরীর সাথে বিলস কর্মকর্তা এবং শ্রমিকনেতাদের লবি মিটিং অনুষ্ঠিত হয়।
এতে পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা জনাব বিশ্বজিৎ শর্মা, বিজ্ঞান জ্যোতি চাকমা, টিপু সুলতান, জালাল খান প্রমুখ পরিদর্শকগণ এবং জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক শ্রমিকনেতা তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন, বিলস কর্মকর্তা ফজলুল কবির মিন্টু, জাহাজভাঙা শ্রমিকনেতা মোঃ আলী, মোঃ ইদ্রিছ এবং জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
লবি মিটিং এ শ্রমিকনেতা তপন দত্ত বলেন, ২০২৪ সালের ৩১ শে ডিসেম্বর বিলস এর এক অনুষ্ঠানে শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ২০২৫ সালের জানুয়ারী হতে নিম্ন মজুরি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষনা দিয়েও অদ্যাবধি বাস্তবায়ন না হওয়া হতাশাজনক। তিনি আরো বলেন, দুই ঈদে দুই বোনাস দেয়ার শ্রম আইনের বিধান থাকা সত্ত্বেও তাও সঠিভাবে সব ইয়ার্ডে পালন করা হয় না। এই ব্যাপারে তিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে জোরালো ভূমিকা রাখার আহ্বাণ জানান। এছাড়া শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দিন বলেন, ২০২৫ সালের ২৬ জুনহতে হংকং কনভেনশন মেনে জাহাজ কাটা এখন বাধ্যমূলক হয়ে গেছে। সুতরাং হংকং কনভেনশন যথাযথভাবে অনুসরন করা না হলে ইয়ার্ড গুলো আর নতুন করে কোন পুরাতন জাহজ কিনতে পারবে না। তাছাড়া এই মুহুর্তে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে, জাহাজভাঙা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং পেশাগত স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এখনো পর্যন্ত আস্বস্ত হওয়ার মত উন্নয়ন হচ্ছে না। এই বছরের প্রথম ৬ মাসে ১৬টি দুর্ঘটনায় ১৭ জন আহত এবং ১ নিহত হয়েছে। আমরা চাই জাহাজভাঙা শিল্প খাতে শূন্য দুর্ঘটনা। জীবন ও জীবীকার জন্য কাজ করতে আসা শ্রমিকদেরকে প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করা কোনভাবেই কাম্য হতে পারে না।
অধিদপ্তরের উপ মহাপরিদর্শক জনাব শিপন চৌধুরী সবার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং প্রত্যেকটি বিষয়ে তিনি গুরুত্ব সহকারে কাজ করবেন আশ্বস্ত করেন। তিনি লবি মিটিং মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের জন্য বিলস কর্তৃপক্ষ এবং শ্রমিকনেতাদের ধন্যবাদ জানান।
