চলমান সংবাদ

রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তি

-টিইইউসি’র মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদের প্রতিজ্ঞা


আজ ২৪ এপ্রিল ২০২৫, রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তি। ২০১৩ সালের এই দিনে সাভারের রানা প্লাজা ভবন ধসে প্রাণ হারান অন্তত ১১৭৫ জন গার্মেন্টস শ্রমিক এবং আহত হন দুই হাজারেরও বেশি শ্রমিক, যাদের অনেকেই আজও শারীরিক ও মানসিকভাবে পঙ্গুত্ব বয়ে বেড়াচ্ছেন। এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে স্বীকৃত, যা বাংলাদেশের গার্মেন্টস খাতের অমানবিক বাস্তবতা ও শ্রমিক নিরাপত্তার সংকটকে বিশ্ব দরবারে উন্মোচন করেছিল।
এই দিবসটি উপলক্ষে আজ বিকাল ৫টায় হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফের সভাপতিত্বে এবং টিইউসি’র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশে বক্তব্য প্রদান করেন পাহাড়তলি আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক মোঃ মিজান, কমিউনিটি সেন্টার ও ডেকোরেশন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ পারভেজ, নারী শ্রমিকনেতা দিপ্তি রানী সরকার, সাধারন সম্পাদক নুরুল আলম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক মোঃ হানিফ এবং অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন হালকা মোটর যান শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা মোঃ শামসুল ইসলাম আরজু প্রমুখ।
সমাবেশে বলা হয়, দুঃখজনক হলেও সত্য, আজ এক যুগ পার হয়ে গেলেও এই ভয়াবহ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়নি। বিচারহীনতার এ সংস্কৃতি শ্রমিকদের জন্য এক গভীর হতাশার নাম হয়ে দাঁড়িয়েছে। যারা প্রিয়জন হারিয়েছেন, যারা জীবনভর পঙ্গু অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও চিকিৎসা সুবিধাও এখনো সম্পূর্ণরূপে নিশ্চিত হয়নি।
এই বাস্তবতায়, রানা প্লাজার শহীদদের স্মরণে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচারের দাবিতে আজ বাংলাদেশ ট্্েরড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রাম জেলা কমিটি (টিইউসি) মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদের কর্মসূচি পালন করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মধ্য দিয়ে তাঁরা শুধু শোক প্রকাশ করেননি, বরং প্রতিজ্ঞা করেছেন শ্রমিক হত্যার পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অবিলম্বে রানা প্লাাজা ট্র্যাজেডির দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে; নিহত শ্রমিকদের সকল পরিবারকে ও আহত শ্রমিকদের পূর্ণ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সাথে দেশের সকল গার্মেন্টস কারখানাসহ সকল সেক্টরের শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

পড়ুন:  স্বপ্নের ধ্বংসস্তূপে চাপা পড়া জীবন: রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ -ফজলুল কবির মিন্টু

টিইইউসি চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, “রানা প্লাজার ট্র্যাজেডি এবং একযুগ পরেও দায়ীদের শাস্তি না হওয়া -আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শ্রমিকের জীবন কতটা উপেক্ষিত। আমরা এই দিনটিকে কেবল শোকের দিন হিসেবে নয়, লড়াইয়ের দিন হিসেবেও স্মরণ করি। আমরা প্রতিজ্ঞা করছি শ্রমিকদের অধিকার আদায়ে আমরা আরও সংগঠিত হবো, প্রতিবাদী হবো এবং ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।”
রানা প্লাজার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে টিইউসি নেতৃবৃন্দ বলেন, “শ্রমিকের রক্ত বৃথা যেতে পারে না। এই ট্র্যাজেডি আমাদের আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।”