চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা, মৃত্যুর খবর অন্তত ৫৪ জনের

উচ্চ বেতনের চাকরির আশায় রাশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ছেন বাংলাদেশি কর্মীরা।  এক অনুসন্ধানে গত তিন বছরে অন্তত ৫৪ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে অনেকের মৃত্যুর আনুষ্ঠানিক প্রমাণ ও মরদেহ না পাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে তাঁদের পরিবার।

গত ৭ মে নির্মাণকাজের চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো হয় ৩০ জন বাংলাদেশিকে। এসআরবির তথ্য অনুযায়ী, তাঁদের প্রত্যেকের কাছ থেকে গড়ে প্রায় ১০ লাখ টাকা নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাঁদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং ২১ দিনের প্রশিক্ষণ শেষে যুদ্ধে পাঠানো হয়। এই দলের অন্তত ২০ জনের মৃত্যুর তথ্য পেয়েছে এসআরবি। আহত হয়ে দেশে ফেরা দুজনও সহযাত্রীদের মৃত্যুর কথা জানিয়েছেন।

নিহত ও নিখোঁজ কর্মীদের পরিবার বলছে, স্বজনদের ফিরিয়ে আনতে আবেদন করেও কার্যকর সহায়তা পায়নি তারা। মৃত্যুর প্রমাণ না থাকায় আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণও পাচ্ছে না অনেক পরিবার।

অন্যদিকে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দাবি, অধিকাংশ কর্মী স্বেচ্ছায় যুদ্ধে যোগ দিয়েছেন। তবে দেশে ফেরা কর্মী ও স্বজনেরা চাকরির প্রলোভনে নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ করেছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং মানব পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার জানিয়েছে, কর্মীদের চাকরির তথ্য যাচাইয়ে কড়াকড়ি আরোপ এবং আটকে পড়াদের বিষয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে। অভিবাসন বিশেষজ্ঞরা হটলাইন চালু করে নিহত, নিখোঁজ ও আটকে থাকা বাংলাদেশিদের তালিকা তৈরির তাগিদ দিয়েছেন।