সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
![]()
চট্টগ্রামে বাংলাদেশ যুব ইউনিয়ন কোতোয়ালি থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধ হোন’—এই স্লোগানকে ধারণ করে ২ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় হাজারী লেইনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কোতোয়ালি থানা যুব ইউনিয়নের সভাপতি রূপন কান্তি ধরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সবচেয়ে কর্মক্ষম জনগোষ্ঠী হচ্ছে যুবসমাজ। কিন্তু বেকারত্বের অভিশাপে আজ দেশের যুবসমাজ নিদারুণ হতাশায় আক্রান্ত। স্বাধীনতার পর কোনো সরকারই যুবসমাজকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে সুপরিকল্পিত ও কার্যকর নীতি গ্রহণ করতে পারেনি।
বক্তারা আরও বলেন, গণতন্ত্রহীনতা আজ সমাজের সর্বত্র গ্রাস করেছে। বর্তমান সরকার তথাকথিত উন্নয়নকে গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়েছে। অথচ সমাজের বৃহৎ অংশ সেই উন্নয়নের সুফল ভোগ করতে পারছে না। প্রতিনিয়ত দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ ও বাড়িভাড়া বাড়ছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
বক্তারা শোষণ-বঞ্চনা, গণতন্ত্রহীনতা ও বেকারত্বের বিরুদ্ধে দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ যুব ইউনিয়নকে সর্বোচ্চ শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, এই রুদ্ধশ্বাস অচলায়তন ভেঙে শোষণ ও বৈষম্যহীন, মানবিক সমাজ প্রতিষ্ঠার লড়াইকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
সম্মেলনে সাবিলা তানজিলকে সভাপতি, রিপন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং রনি দেবকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ যুব ইউনিয়ন কোতোয়ালি থানা কমিটি গঠন করা হয়।