চলমান সংবাদ

বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম অঞ্চলের আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও একই সিদ্ধান্তের আওতায় স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বন্যায় বিভিন্ন এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সমস্যা হচ্ছে। তাদের নিরাপত্তা ও দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ) ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতির অবনতি হওয়ায় এবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।