চলমান সংবাদ

ডিম কুড়াতে গিয়ে বাসের চাপায় নিহত ৫, আহত অন্তত ৭; ক্ষুব্ধ জনতার আগুন ৬ যানবাহনে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে উল্টে যাওয়া একটি ডিমবাহী ট্রাক থেকে সড়কে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে গিয়ে দ্রুতগতির বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অন্তত ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। অপর দুইজনের মধ্যে একজন ডিমবাহী ট্রাকের চালক। ট্রাকচালক ছাড়া নিহত ও আহত সবাই সোয়াদী ও আশপাশ এলাকার বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের সবার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ডিমবোঝাই ট্রাকটি সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বিপুল পরিমাণ ডিম মহাসড়কে ছড়িয়ে পড়ে। ডিম কুড়াতে স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে এলে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং অন্তত সাতজন আহত হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শুভ চক্রবর্তী বলেন, ডিম কুড়াতে ব্যস্ত থাকা লোকজনের ওপর দিয়েই দ্রুতগতির বাসটি চলে যায়। পরে বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ছয়জনকে আনা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অন্তত ছয়টি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং ঢাকা-খুলনা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

পড়ুন:  কুমিল্লায় রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০