চলমান সংবাদ

এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) দেশের বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ এ বি এম আবদুল্লাহ-এর ইমেরিটাস অধ্যাপক (আজীবন) পদ বাতিল করেছে। একই সঙ্গে তাঁকে ২০২৪ সালের ২০ জুন থেকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে প্রাপ্ত বেতন ও ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মোস্তফা কামালের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের একজন সদস্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা হয়। একই সভায় অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে পুনরায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা বিধিবহির্ভূত বলে বিবেচিত হয়েছে। কারণ একই সিন্ডিকেট সভায় অধ্যাদেশ সংশোধন ও সেই সংশোধিত অধ্যাদেশের আওতায় নিয়োগ অনুমোদন দেওয়ার সুযোগ নেই।

এ কারণে ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত ৯২তম সিন্ডিকেট সভায় অনুমোদিত তাঁর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এ বি এম আবদুল্লাহ। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক আবদুল্লাহ বলেন, তিনি প্রায় ৫০ বছর চিকিৎসা পেশা ও চিকিৎসা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাঁর নিয়োগ যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, যেভাবে তাঁর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করা হয়েছে, তা নীতিবহির্ভূত। তবে তিনি আশা প্রকাশ করেন, এ ঘটনায় তাঁর ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হবে না।