অনার্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বাদ দেওয়ার খবর ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
অনার্স (স্নাতক সম্মান) পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয় বাতিল করা হচ্ছে—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি; বরং চাহিদা অনুযায়ী নতুন কিছু বিষয় যুক্ত করার পর্যালোচনা চলছে।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম বলেন, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই এবং মন্ত্রণালয়ে এমন কোনো আলোচনা বা সিদ্ধান্তও হয়নি। তিনি প্রশ্ন তুলে বলেন, “বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয় বাদ দিয়ে উচ্চশিক্ষা কীভাবে চলবে?”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ জানান, সাম্প্রতিক বৈঠকে দক্ষতাভিত্তিক শিক্ষা ও নতুন বিষয় সংযোজন নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো বিষয় বাতিলের প্রসঙ্গ ওঠেনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়া কোনো কোর্স বাতিল করা সম্ভব নয়।
এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলা, ইতিহাস ও দর্শন অনার্স পর্যায়ে থাকবে; তবে সব প্রতিষ্ঠানে কীভাবে এগুলো পরিচালিত হবে, সে বিষয়ে আলোচনা চলছে।
শিক্ষা সংস্কারের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি, আউটসোর্সিংসহ প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। পাশাপাশি স্পোর্টস, সংস্কৃতি, নৈতিক শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

