চলমান সংবাদ

বাজেটের আগেই বিদ্যুতের দাম বাড়ল: খুচরায় ১৬.৬৮%, পাইকারিতে ১৯.৮৫% বৃদ্ধি

ঢাকা, ৩ জুন: বাজেট ঘোষণার প্রাক্কালে বিদ্যুতের দাম আবারও বাড়ানো হয়েছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এই মূল্যহার চলতি জুন মাস থেকেই কার্যকর হবে।

বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্যহার ঘোষণা করেন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন স্লাবের গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম সর্বনিম্ন ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মূল্যবৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিইআরসি চেয়ারম্যান বলেন, “দাম বাড়ানোর ক্ষেত্রে কোনো চাপ ছিল না। জাতীয় বাজেটকে সামনে রেখেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর কী প্রভাব পড়বে, সে বিষয়ে কোনো অর্থনৈতিক মূল্যায়ন করা হয়নি বলেও তিনি স্বীকার করেন।

বিইআরসির আদেশ অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন ব্যয় প্রতি ইউনিটে গড়ে ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সঞ্চালন চার্জ আরও বেশি বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। প্রতিষ্ঠানটি প্রতি ইউনিটে ৩০ ও ৩১ পয়সা থেকে বাড়িয়ে যথাক্রমে ৪৮ ও ৪৯ পয়সা করার আবেদন করেছিল।

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর আবেদন জানায়। তাদের আবেদনে উল্লেখ করা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে সম্ভাব্য ব্যয় দাঁড়াবে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১০৮ কোটি টাকা এবং প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ হবে প্রায় ১২ টাকা ৯১ পয়সা।

গত ২০ ও ২১ মে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় কমিশন নতুন মূল্যহার নির্ধারণ করেছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে দেড় বছরের ব্যবধানে আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বোঝা বহন করতে হবে গ্রাহকদের।