চলমান সংবাদ

মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতাল–এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বুধবার দুপুরে হাসপাতালের পোস্টডেলিভারি ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভোরবেলায় ওই কক্ষে “শ্বাসরুদ্ধকর পরিবেশের মতো” পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি–সংক্রান্ত জটিলতা বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে।

তিনি জানান, ওয়ার্ডে থাকা এসিটি বন্ধ হয়ে গেলে সেখানে পর্যাপ্ত ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। এমন পরিস্থিতির মধ্যেই চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ওই ওয়ার্ডে মোট ১১ জন মা ছিলেন। তাঁদের মধ্যে ছয়জনের নবজাতক মায়ের কাছেই ছিল এবং এসব শিশুর বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে। বাকি পাঁচ নবজাতক জন্মগত জটিলতার কারণে এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের আরেকজন কর্মকর্তাকে রাখা হয়েছে।

অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হাসপাতাল ব্যবস্থাপনায় কোনো গাফিলতি ছিল কি না, শিশুদের চিকিৎসায় কোনো ত্রুটি ছিল কি না এবং ওয়ার্ডের পরিবেশগত বা অবকাঠামোগত কোনো সমস্যা ছিল কি না—সব বিষয়ই তদন্ত করে দেখা হবে। বিশেষ করে এসি–সংক্রান্ত বা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি থাকলে তা চিহ্নিত করতে প্রয়োজনে কারিগরি বিশেষজ্ঞদেরও কমিটিতে যুক্ত করা হবে।

তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদনে সেবায় অবহেলা, দায়িত্বে গাফিলতি কিংবা অবকাঠামোগত বা কারিগরি ত্রুটির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার সকালে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এসির গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। রমনা থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

পড়ুন:  আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা