নারী-শিশু নির্যাতন, মব সন্ত্রাস ও টিকাসংকটের প্রতিবাদে চট্টগ্রামে সিপিবির বিক্ষোভ সমাবেশ
অব্যাহত শিশু ও নারী ধর্ষণ, হত্যা, মব সন্ত্রাস এবং হামের টিকার অভাবে শিশুমৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশ থেকে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটিয়ে জনমনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
শুক্রবার (২২ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস চত্বরে চট্টগ্রাম জেলা সিপিবির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সদস্য প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহআলম, কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সহ-সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য জামাল উদ্দিন, রেখা চৌধুরী ও ফজলুল কবির মিন্টু।
সমাবেশে মোহাম্মদ শাহআলম বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশে খুন, ধর্ষণ ও সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে এবং নারী-শিশুর নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গড়ে ওঠা “মব কালচার” এখনো বন্ধ হয়নি। হামের টিকার সংকটের কারণে শত শত শিশুর মৃত্যু হয়েছে দাবি করে তিনি এ পরিস্থিতির জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশে সিপিবি নেতারা বর্তমান বিএনপি সরকারকে উদ্দেশ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটাতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, নৈরাজ্যবাদী শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, যা জনমনে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
নেতারা আরও বলেন, সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বাড়বে এবং মানুষ রাজপথে নামতে বাধ্য হবে।

