চলমান সংবাদ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা: প্রবর্তক মোড়ে বুকসমান পানি, চরম ভোগান্তি

চট্টগ্রাম, মঙ্গলবার:
টানা বৃষ্টির কারণে আবারও জলাবদ্ধতায় তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন সড়ক। আজ মঙ্গলবার সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকেরা।

নগরের প্রবর্তক মোড়, আগ্রাবাদ, হালিশহর, নিউমার্কেট, তিন পুলের মাথা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা গেছে প্রবর্তক মোড় এলাকায়।

দুপুরের দিকে প্রবর্তক মোড়ের বড় অংশ ডুবে যায় কালচে ও দুর্গন্ধযুক্ত পানিতে। গতকাল যেখানে হাঁটুপানি ছিল, আজ সেখানে পানি বুকসমান হয়ে গেছে। ওই পানির মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষজন।

রিকশাচালক মোহাম্মদ সাইফুল জানান, খালের সংস্কারকাজ চলার কারণে কয়েক দিন ধরেই পানি জমছিল। বৃষ্টির ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এখন ওই এলাকায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, বদনা শাহ মাজার গেট থেকে প্রবর্তক মোড় পর্যন্ত পুরো সড়ক পানির নিচে তলিয়ে গেছে। হিজড়া খালের সম্প্রসারণকাজের কারণে খালের মুখে দেওয়া অস্থায়ী বাঁধ পানিনিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে। ফলে খালের পানি উপচে সড়কে উঠে আসছে।

এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামান্য পথ পাড়ি দিতেও লাগছে দীর্ঘ সময়। অনেক যানবাহন বিকল্প সড়ক ব্যবহার করছে।

পথচারীদের দুর্ভোগ আরও বেশি। কেউ জুতা হাতে নিয়ে পানিতে নামছেন, কেউ আবার সড়ক বিভাজকের ওপর দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন। বেসরকারি চাকরিজীবী ফারুক হাসান বলেন, “একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। আজ অবস্থা ভয়াবহ। অফিসে যেতে গিয়ে যুদ্ধ করতে হচ্ছে।”

কলেজছাত্রী ইসরাত জাহান বলেন, “পানি এত নোংরা যে নামতেও ভয় লাগে। কিন্তু অন্য কোনো উপায় নেই।”

এদিকে, সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল মালেক জানান, শহরের বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় যাত্রী কমে গেছে। পানি বেশি হলে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকায় আয়ও কমে গেছে।

পড়ুন:  সিটি কলেজ সংঘর্ষ -গ্রাফিতি নিয়ে সিটি কলেজে সংঘর্ষ: আহত ৩০–৪০, বন্ধ ক্লাস

নগরের আমতল ও তিন রাস্তার মাথা এলাকাতেও একই চিত্র দেখা গেছে। কোথাও নালা উপচে পানি সড়কে উঠেছে, আবার কোথাও পানিনিষ্কাশনের পথ বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, খাল সংস্কার কাজের সঠিক ব্যবস্থাপনা ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।