চকোরিয়ার হারবাংয়ে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তার মৃত্যু, নির্মোহ তদন্তের দাবি
Fazlul Kabir জুলাই ১, ২০২৬কক্সবাজারের চকোরিয়া উপজেলার হারবাং এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে এক সাহসী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তা রুপন কান্তি দে, যিনি সততা ও সাহসিকতার জন্য স্থানীয়ভাবে সুপরিচিত ছিলেন।
জানা গেছে, দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তবে তার এই মৃত্যুকে ঘিরে ভিন্নমত দেখা দিয়েছে। কিছু মহল থেকে এটিকে অসুস্থতাজনিত মৃত্যু হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে, যা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
নিহতের স্বজনরা বলছেন, রুপন কান্তি দে ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও সাহসী একজন কর্মকর্তা। জীবনের ঝুঁকি নিয়ে তিনি মাদকের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তাই তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তারা।
পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, “আমাদের প্রিয়জনের মৃত্যু যেন আড়াল না হয়। আমরা তার মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। পাশাপাশি তার পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা ও ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।”
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়া এলাকার সন্তান হওয়ায়, স্থানীয়দের আশা তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।
এছাড়া, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে জেলা পর্যায়ের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে বিষয়টি তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
নিহত রুপন কান্তি দে’র পরিবারে ছোট ছোট সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা শোকাহত ও দিশেহারা হয়ে পড়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সর্বস্তরের মানুষ এই সাহসী পুলিশ কর্মকর্তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।