চলমান সংবাদ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ‘নৈরাজ্য’, যাত্রীদের পকেট থেকে যাবে প্রায় ১৪৮ কোটি টাকা: যাত্রী কল্যাণ সমিতি

ঈদকে কেন্দ্র করে বাস ভাড়া বাড়ানোর বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির বড় ধরনের অমিলের কথা জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, এবারের ঈদযাত্রায় দেশের প্রায় ৮৭ শতাংশ বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যা অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে।

সংগঠনটির হিসাব অনুযায়ী, শুধু দূরপাল্লার বাস যাত্রীদের কাছ থেকেই অতিরিক্ত ভাড়া বাবদ আদায় করা হবে প্রায় ১২১ কোটি ৮০ লাখ টাকা। আর নগরীর সিটিবাস মিলিয়ে মোট অতিরিক্ত আদায়ের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১৪৮ কোটি টাকায়।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে দাবি করেন, পরিবহনগুলো নির্ধারিত ভাড়াই নিচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও ২০–৩০ টাকা কম নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে বলেন, ১৪ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঈদযাত্রা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা সম্পূর্ণ ভিন্ন চিত্র পেয়েছেন। তার ভাষ্য, সরকারি নির্দেশনা উপেক্ষা করে পরিবহন খাতে ‘ভাড়া নৈরাজ্য’ চলছে এবং রাজধানীসহ বিভিন্ন শহরের সিটিবাসেও ইতোমধ্যে অতিরিক্ত ভাড়া আদায় শুরু হয়েছে।

সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, এবারের ঈদে দূরপাল্লার বাসে প্রায় ৪০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হবে। এর মধ্যে অধিকাংশ যাত্রীকে গড়ে ৩৫০ টাকা করে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। অন্যদিকে, নগর পরিবহনে প্রায় ৬০ লাখ ট্রিপ যাত্রীর মধ্যে ৮৭ শতাংশ যাত্রী গড়ে ৫০ টাকা করে বেশি ভাড়া দিচ্ছেন।

সব মিলিয়ে, এবারের ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের এই প্রবণতা গত দুই দশকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।