২৬ ফেব্রুয়ারি একযোগে একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন
আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। সকালে একুশে পদক প্রদান এবং বিকেলে বইমেলার উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হবে।
সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিকেলে তিনি রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছরের মতো এবারও একুশে পদক প্রদান করা হবে। এরপর বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে মাসব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন।
এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন।
অনুষ্ঠান দু’টি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

