চলমান সংবাদ

কর্মবিরতি স্থগিত করল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ

বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে টানা কর্মবিরতির পর গভীর রাতে কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নির্বাচন ও আসন্ন রমজানে পণ্য খালাসের স্বার্থে সোমবার সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে পাঁচটি দাবি পূরণ না হলে ১৬ ফেব্রুয়ারি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

রোববার দিনভর কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এনসিটিসহ বিভিন্ন টার্মিনাল, জেটি ও বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় আমদানি–রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। বন্দরের ইয়ার্ড ও দপ্তরগুলোতেও কাজ বন্ধ ছিল।

কর্মবিরতির মধ্যে বন্দর কর্তৃপক্ষ দাবি করে, বন্দর সচল রয়েছে। তবে সরেজমিনে দেখা যায়, জাহাজ চলাচল স্বাভাবিক থাকলেও কন্টেইনার ওঠানামাসহ অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ ছিল। এতে বহির্নোঙরে শতাধিক জাহাজের জট সৃষ্টি হয় এবং রমজানের খাদ্যপণ্যসহ বিপুল পরিমাণ কন্টেইনার আটকে পড়ে।

এদিকে আন্দোলন চলাকালে ১৫ জন শ্রমিক–কর্মচারীকে বদলি, ১৬ জনকে সাময়িক বরখাস্ত, বাসার বরাদ্দ বাতিল ও কয়েকজনকে গ্রেপ্তারসহ বিভিন্ন হয়রানিমূলক পদক্ষেপ নেওয়ার অভিযোগ তোলে আন্দোলনকারীরা।

রাতে দেওয়া বিবৃতিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা জানান, সরকারের আমলে এনসিটি চুক্তি না করার ঘোষণা এবং আলোচনার প্রেক্ষিতে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে।

সংগ্রাম পরিষদের দাবি চারটি—এনসিটি ইজারা বাতিল, বন্দর চেয়ারম্যান প্রত্যাহার, শাস্তিমূলক বদলি আদেশ প্রত্যাহার এবং আন্দোলনরত শ্রমিক–কর্মচারীদের বিরুদ্ধে সব ধরনের আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ বন্ধ করা।