টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, ম্যাচ অন্য দেশে সরানোর অনুরোধ বিসিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড।
বিসিবির এই সিদ্ধান্তের আভাস আগেই পাওয়া গিয়েছিল। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বোর্ড। এর আগে বিকেলে বিসিবির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া কিছু ঘটনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বোর্ড পরিচালকরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ আমলে নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বর্তমান অবস্থায় জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত পাঠানো নিরাপদ নয়।
এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতোমধ্যে টুর্নামেন্টের আয়োজক সংস্থা আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে ভারতের ভেন্যু থেকে বাংলাদেশের নির্ধারিত সব ম্যাচ অন্য কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিসিবি আরও জানিয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইসিসি দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
