শীর্ষ খবর:
চলমান সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলার পর ভেনেজুয়েলায় সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা সক্রিয়

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ভেনেজুয়েলা সরকার সারা দেশে সর্বাত্মক জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনা কার্যকর করেছে। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আগের নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে এবং সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে “একক যুদ্ধ ব্লক” গঠন করা হচ্ছে।

ভেনেজুয়েলার পক্ষ থেকে প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণের অভিযোগ আনা হয়েছে। মার্কিন হামলায় কারাকাসসহ কয়েকটি রাজ্যে বোমা হামলায় সেনাসদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথাও জানানো হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের কাছে মাদুরো ও ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণ দাবি করেছে ভেনেজুয়েলা।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এই হামলাকে “অপরাধমূলক সামরিক আগ্রাসন” আখ্যা দিয়ে বাহ্যিক জরুরি অবস্থা পূর্ণমাত্রায় কার্যকরের ঘোষণা দেন। তিনি জানান, স্থল, আকাশ, নৌ ও ক্ষেপণাস্ত্র বাহিনীসহ সব সক্ষমতা মোতায়েন করে জনগণ, সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রতিরোধ গড়ে তোলা হবে।

ভেনেজুয়েলা সরকার এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।