চলমান সংবাদ

চট্টগ্রামে কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় সিপিবি নেতারা

-মণি সিংহের সংগ্রামের চর্চার মধ্য দিয়ে মানবমুক্তির লড়াই জোরদার হবে

ব্রিটিশবিরোধী বিপ্লবী, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা ও কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে নগরীর হাজারী লেইনে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে।

সভায় সিপিবি নেতারা বলেন, জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও মণি সিংহ সমাজের বিপ্লবী পরিবর্তনের লক্ষ্যে উৎসর্গ করেছিলে নিজেকে। বিদ্রোহ করেন নিজ পরিবারের শোষণ-শাসনের বিরুদ্ধে। প্রজাদের সংগঠিত করে গড়ে তোলেন কৃষক আন্দোলন। জড়িয়ে পড়েন ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে। ১৯২৫ সালে ভারতের কমিউনিস্ট আন্দোলনের সূচনাপর্বেই যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন কমরেড মণি সিংহ।

তারা বলেন, পাকিস্তানি শাসনের কালে আটচল্লিশের ভুখা-মিছিল, বায়ান্নর ভাষা আন্দোলন, টংক, নানকার তেভাগাসহ বিভিন্ন কৃষক আন্দোলনে কমিউনিস্ট পার্টি এবং মণি সিংহের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ষাটের দশকজুড়ে যে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হতো সেখানে মণি সিংহের নেতৃত্বাধীন কমিউনিস্টরা বিশেষ ভূমিকা পালন করেছেন।
১৯৭১ সালে ন্যাপ-কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধে অংশ নিতে মণি সিংহ ও তাঁর সহকর্মীরা বিশেষ ভূমিকা রাখেন। সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক বিশ্বসহ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালনে মণি সিংহ ও তাঁর পার্টি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।

সিপিবি নেতারা আরও বলেন, কমরেড মণি সিংহ রাজনৈতিক লড়াই-সংগ্রামে যেমন জীবন্ত এবং অগ্রণী ছিলেন—ব্যক্তিগত জীবনে তাঁর সততা ও নিষ্ঠা ছিল অনুকরণীয়। মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল। তাঁর আত্মতাগ, সাহস আর জীবনসংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিত্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মণি সিংহের সংগ্রামের চর্চার মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি আগামীদিনে মানবমুক্তির লড়াই আরও জোরদার করবে।
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, রেখা চৌধুরী ও শুভ্র দাশ।

সভার আগে সিপিবি নেতারা কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।