চলমান সংবাদ

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলো তামিম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল খান। তবে দেড় মাসের বিশ্রামের পর স্বরূপে ফিরবেন এশিয়া কাপে, অধিনায়কের দায়িত্বও পালন করবেন।

আচমকা বৃহস্পতিবার চট্টগ্রামে একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন দেশ সেরা ওপেনার তামিম । আজ শুক্রবার তাঁকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ছিলেন মাশরাফি ও স্ত্রী আয়েশা।

প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন। আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

আজ দুপুরে স্ত্রী আয়েশা ইকবাল ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান তামিম ইকবাল। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসানও সঙ্গে ছিলেন। তামিমের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণায় ক্রিকেটপ্রেমীদের সস্তি ফিরে এসেছে।