আটলান্টায় বৈষ্ণব পদাবলী কীর্তন ও বাংলা গানের পরম্পরা বিষয়ক সঙ্গীতানুষ্ঠান
আটলান্টা, ২২ নভেম্বর ২০২৬: বাংলা গানের হাজার বছরের ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংগীতধারাকে প্রবাসের মাটিতে তুলে ধরার লক্ষ্যে আটলান্টায় অনুষ্ঠিত হলো ‘বৈষ্ণব পদাবলী কীর্তন ও বাংলা গানের পরম্পরা’ শীর্ষক এক বিশেষ সঙ্গীতানুষ্ঠান।
রবিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিকল্পনায় ছিলেন উৎপল দত্ত। বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে বাংলা গানের পরবর্তী বিভিন্ন পর্যায়ে কীর্তনের প্রভাব ও ধারাবাহিকতাকে সংগীতের মধ্য দিয়ে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বৈষ্ণব পদাবলীর কীর্তনের পাশাপাশি বাংলা গানের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ তিন সুরস্রষ্টা অতুলপ্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কীর্তনাঙ্গের গান পরিবেশিত হয়।
বৈষ্ণব পদাবলীর কীর্তন পরিবেশন করেন আকাশলীনা সৈয়দ ও সংগীতা মণ্ডল। অতুলপ্রসাদের কীর্তনাঙ্গের গান পরিবেশন করেন রুবিনা শম্পা, রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গের গান হাবিবা রিনা এবং নজরুলের কীর্তনাঙ্গের গান পরিবেশন করেন স্নিগ্ধা দত্ত।
অনুষ্ঠানের ধারাবর্ণনায় ছিলেন রাশেদ চৌধুরী ও নাহিদ ফারজানা। তাঁদের উপস্থাপনায় বাংলা গানের বিভিন্ন পর্যায়, বৈষ্ণব পদাবলীর ঐতিহাসিক পটভূমি এবং পরবর্তী সময়ের বাংলা গানে কীর্তনের প্রভাব ও ধারাবাহিকতার নানা দিক উঠে আসে।
সংগীত পরিবেশনায় তবলায় ছিলেন ব্যাসদেব সাহা রানা, বাঁশিতে মাহবুব মোর্শেদ আনোয়ার এবং মন্দিরায় স্নিগ্ধা দত্ত। পুরো অনুষ্ঠানের শব্দ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন মার্ক তরুণ।
প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের এই সংগীতানুষ্ঠান শ্রোতা ও দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন। অনুষ্ঠান শেষে দর্শকদের অভিমত ছিল, আটলান্টায় এই প্রথম বাংলা গানের এমন একটি বিশেষ ঐতিহ্যভিত্তিক বিষয়কে কেন্দ্র করে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হলো। বৈষ্ণব পদাবলী কীর্তন থেকে অতুলপ্রসাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের কীর্তনাঙ্গের গানের এমন সমন্বিত পরিবেশনা তাঁদের মুগ্ধ করেছে।
প্রবাসে বাংলা গানের শিকড়, ঐতিহ্য ও বিবর্তনের ধারাকে নতুন করে আবিষ্কারের এই উদ্যোগ সংগীতপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বাংলা গানের সমৃদ্ধ ঐতিহ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত দর্শকেরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত হতে না পারা সংগীতানুরাগীদের জন্য পুরো আয়োজনের ভিডিও প্রকাশ করা হয়েছে।