শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক
![]()
শ্রম আদালতে পর্যাপ্ত লোকবল নিয়োগ, শ্রম আইনের ২১৬ ধারা অনুসরণ করে সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি এবং শ্রমিকদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে আগামী ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক।
ওইদিন সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম সচিব বরাবর এ স্মারকলিপি প্রদান করা হবে।
এ উপলক্ষে আজ বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আবু আহমেদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, শামসুল ইসলাম আরজু, মাসুদ খান, মাহফুজুর রহমান, গোলজার বেগম, জান্নাতুল ফেরদৌস রুবি, মাসুমা বেগম প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শ্রম আদালতের সামনে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পরিবর্তন করে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের সকল নেতা-কর্মীকে ২৩ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ আরও বলেন, শ্রম আদালতে অর্গানোগ্রাম অনুসারে পর্যাপ্ত কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দিয়ে আদালতের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে শ্রম আদালতের সংখ্যাও বারাতে হবে। শ্রম আইনের ২১৬ ধারার বিধান অনুসরণ করে সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে শ্রমিকদের দায়ের করা মামলা নিষ্পত্তির কার্যকর উদ্যোগ নিতে হবে। বছরের পর বছর মামলা ঝুলে থাকার কারণে শ্রমিকরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে পাওনা আদায়ের অপেক্ষায় থাকা শ্রমিকদের জীবনে নেমে আসছে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগ।
তারা বলেন, শ্রমিকের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রম আদালতকে কার্যকর, গতিশীল ও শ্রমিকবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।