গোলাম রসুল মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম রসুল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর অনেকে সিঁড়ি দিয়ে মার্কেটের ছাদে উঠে নিরাপদে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৪২ মিনিটের চেষ্টায় বিকেল ৩টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নন্দনকানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাকসুদ রানা বলেন, গোলাম রসুল মার্কেটে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে।

তিনি জানান, আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।