বিভুরঞ্জন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ -মোরশদ আলম

সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট বিভুরঞ্জন সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে তার মরদেহ পাওয়া যায়। বিভুরঞ্জন সরকার ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ জ্যৈষ্ঠ সাংবাদিক, কলামিস্ট ও লেখক। মৃত্যুকালে তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যৈষ্ট সহ- সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে নিয়মিত কলাম ও রাজনৈতিক বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করতেন। ষাটের দশকের শেষ দিকে স্কুল ছাত্র থাকা অবস্থায় দৈনিক আজাদের স্থানীয় সংবাদদাতা হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এছাড়া তিনি বিভিন্ন সময়ে দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতি পত্র, সাপ্তাহিক মৃদু ভাষণের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আশির দশকের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় তিনি সাপ্তাহিক যায়যায়দিন পত্রিকায় তারিখ ইব্রাহিম ছদ্মনামে নিয়মিত রাজনৈতিক কলাম লিখতেন। রাজনৈতিক চরম দুঃসময়ে তার কলামগুলো রাজনৈতিক কর্মীদের অনুপ্রেরণা যোগাতো। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি),বাংলাদেশ খেতমজুর সমিতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন। নিজ প্রচেষ্টায় তিনি পঞ্চগড়ে কমরেড মোঃ ফরহাদের নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন।। এই উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবাইকে তার আত্মার শান্তি কামনার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
(লেখকঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির সাবেক নেতা)