সোলার প্যানেলের ওপর কর প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পদযাত্রা ও মানববন্ধন
Fazlul Kabir জুলাই ১, ২০২৬চট্টগ্রাম, ২৩ মে ২০২৬: সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর আরোপিত কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সংগঠকরা বলেছেন, উচ্চ আমদানি শুল্কের কারণে সোলার প্রযুক্তি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যা দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে বাধাগ্রস্ত করছে।
শুক্রবার (২৩ মে) এই কর্মসূচির আয়োজন করে আইএসডিই বাংলাদেশ, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট চট্টগ্রাম, ক্লিন (CLEAN) এবং বিডাব্লিউজিইডি (BWGED)।
সমাবেশে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট দিন দিন তীব্র হচ্ছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে বিদ্যুৎ খাতে ব্যয় ও ভর্তুকি বেড়ে চলেছে। এর মধ্যেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে প্রায় ২১ শতাংশ বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
বক্তারা আরও বলেন, এই পরিস্থিতিতে রুফটপ সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি হতে পারে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান। কিন্তু সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের ওপর উচ্চ কর ও শুল্কের কারণে এসব পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবার আগ্রহ থাকা সত্ত্বেও সোলার প্রযুক্তি ব্যবহার করতে পারছেন না।
তারা অবিলম্বে সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ প্রণোদনা, কর অবকাশ ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, সংপ্তকের পরিচালক অগ্রদূত দাস গুপ্ত, অধিকার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ওসমান জাহাঙ্গীর, সাংবাদিক গোলাম সরওয়ার, অ্যাডভোকেট প্রণব কুমার বিশ্বাস, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, আইএসডিই’র কর্মসূচি কর্মকর্তা রাইসুল ইসলাম, আবদুল মান্নান জিহাদ, পরিবেশকর্মী ফয়েজ উদ্দীন, করিমুল ইসলাম, লাবিবা তাবাস্সুম, প্রতিভা চাকমাসহ বিভিন্ন পরিবেশকর্মী, তরুণ শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ।