অন্যান্য

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা: জাহেদ উর রহমান

ঢাকা, ৯ জুন: নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান

মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। নির্দলীয় নির্বাচন হওয়ায় তাঁদের অংশগ্রহণের বিষয়ে সরকারের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, কোনো ধরনের সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচন করতে চান এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্তাবলি পূরণ করতে পারেন, তাহলে তিনি ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।

তিনি বলেন, যেহেতু নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, তাই কোনো প্রার্থী দলীয় পরিচয় বা দলীয় প্রচারণা ব্যবহার করতে পারবেন না। তবে ব্যক্তি হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।

পরে আরেক সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগের কোনো নেতা যদি দলের পদপদবি বহাল রেখেই নির্বাচনে অংশ নিতে চান, সে ক্ষেত্রে সরকারের অবস্থান কী হবে।

জবাবে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধ নয়, তবে সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ রয়েছে। ফলে দলীয় পদপদবি ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তিনি বলেন, ব্যক্তি হিসেবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন, যদি তিনি নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করেন। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।

সংবাদ সম্মেলনে সরকারের চলমান বিভিন্ন কর্মকাণ্ড ও সমসাময়িক বিষয় নিয়েও কথা বলেন উপদেষ্টা।