বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের নারী আন্দোলনের দীর্ঘ সংগ্রাম, ঐতিহ্য ও অগ্রযাত্রার এক গৌরবময় প্রতিফলন।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ স্বাধীনতা সংগ্রামের চেতনা থেকে উদ্ভূত একটি প্রগতিশীল নারী সংগঠন, যা শুরু থেকেই নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত সমাজে নারীদের পুনর্বাসন, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক স্বীকৃতি আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দীর্ঘ ৫৬ বছরের পথচলায় বাংলাদেশ মহিলা পরিষদ নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, আইনি সহায়তা প্রদান, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি কেবল একটি সামাজিক প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি আন্দোলন—যার মূল লক্ষ্য একটি বৈষম্যহীন, মানবিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।
চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালির মাধ্যমে নারীর অধিকার ও সমতার বার্তা নতুনভাবে উচ্চারিত হয়েছে। সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক লতিফা কবির। বিকাল ৩:৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল কবির মিন্টু। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক স্বাতী পাল।
এই আয়োজনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল —“লিঙ্গীয় বৈষম্য দূর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি”।
বাংলাদেশ মহিলা পরিষদের ইতিহাস ও ঐতিহ্য আমাদের স্মরণ করিয়ে দেয়, নারীর মুক্তি ছাড়া সমাজের পূর্ণ মুক্তি সম্ভব নয়; আর সেই লক্ষ্যেই সংগঠনটির নিরন্তর সংগ্রাম অব্যাহত রয়েছে।
