
এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান। এই কমিটির অধীনে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।
পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তার চাকরির মেয়াদ তিন দফা বৃদ্ধি করা হয়।
অবসর গ্রহণের পর মাসুদ উদ্দিন চৌধুরী ঢাকায় রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হন। তার গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।